
নির্বাচনী উত্তাপের মধ্যেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের একটি মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন। একই সময় সেখানে ট্রাক প্রতীকের কয়েকজন স্থানীয় সমর্থক অবস্থান করছিলেন। সংখ্যায় কম মনে করে ঘোড়া প্রতীকের সমর্থকেরা উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা শুরু করেন।
তার ভাষ্য অনুযায়ী, এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খান (৩৭)সহ সাত থেকে আটজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) অভিযোগ করে বলেন, শনিবার রাতে তারা ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এতে তাদের পক্ষেরও সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে জায়েদ মাহমুদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদার (২৪) কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে ডাকুয়া এলাকায় নুর ও মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।