
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৪২টি। অভিযানে মোবাইল ফোন, যানবাহন, নগদ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।