
বুড়িগঙ্গা নদীর দূষণ কমানো এবং নগরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। যৌথ উদ্যোগে চালু করা হয়েছে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাটে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উদ্যোগের আওতায় নদীর তীর ও আশপাশের এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে তা ভাসমান বাজারে জমা দিলে বিনিময়ে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, প্রাচীন ঢাকা গড়ে ওঠার পেছনে বুড়িগঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল নদীটি। তবে অবৈধ দখল এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বর্তমানে নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে।
তিনি বলেন, একদিনে বুড়িগঙ্গার সব সমস্যা সমাধান সম্ভব নয়। তবে এই কর্মসূচির মাধ্যমে নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরি করতে চান তারা।
আবদুস সালাম বলেন, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ-চলাচলের উপযোগী করতে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নদীগুলোর পুনরুজ্জীবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক জানান, নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে। এর আওতায় ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বর্জ্যকে সম্পদে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এর প্রাথমিক পর্যায়ে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বাড়ির আশপাশে ডাবের খোসা, এসি, ছাদ কিংবা ড্রেনে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পরিহার করে পরিচ্ছন্ন শহর গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী কর্মসূচিতে বুড়িগঙ্গার তীর থেকে সংগ্রহ করা বর্জ্য নির্ধারিত স্থানে জমা দিয়ে তার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়ার সুযোগ দেওয়া হয়। একটি লঞ্চকে সাজিয়ে অস্থায়ী ভাসমান বাজারটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।