
রাজধানীতে টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পুরো নিউমার্কেটের ব্যবসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মার্কেটটির বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।
তিনি জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় ব্যাপক পানি জমে যায়। এর ফলে রোববার সকাল থেকে মার্কেটের কোনো দোকানই খোলা হয়নি। ব্যবসা-বাণিজ্য পুরোপুরি বন্ধ রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও প্রায় নেই।
ফিরোজ উল ইসলাম বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নিউমার্কেটের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রেখেছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী সোমবার দোকানপাট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে নগরবাসীর দুর্ভোগও বেড়েছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর ও তেজগাঁও এলাকার অধিকাংশ দোকান খোলা থাকলেও ক্রেতা ছিল তুলনামূলক কম। তবে জলাবদ্ধতার কারণে কয়েকটি এলাকায় কিছু দোকানপাট বন্ধ রাখারও তথ্য পাওয়া গেছে।