
রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।
রোববার (১২ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে সড়কের ড্রেনেজ ব্যবস্থার মুখ পরিষ্কার রাখতে ভোর থেকেই ইমারজেন্সি রেসপন্স টিম কাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে গত ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। সংস্থাটি জানিয়েছে, দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে দুপুরে নীলক্ষেতসংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম হাঁটুপানিতে নেমে অপসারণ কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে গাছটি সরিয়ে নেওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকেই প্রশাসক দক্ষিণ সিটির বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। পাশাপাশি পানি নিষ্কাশনে নিয়োজিত ইমারজেন্সি রেসপন্স টিমের কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশনের কর্মীরা ভোর থেকেই মাঠে কাজ করছেন। জলাবদ্ধতা, উপড়ে পড়া গাছ এবং অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি নগরবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
এদিকে চলমান ভারী বৃষ্টির মধ্যে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে সৃষ্টি হওয়া গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।