
রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগে পরিচিত চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর থানা এলাকায় মাইকিং করে চাঁদাবাজদের সতর্কবার্তা দেওয়া হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফারুক ও তার সহযোগীরা বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের চাঁদার জন্য হুমকি দিত। সম্প্রতি এক ব্যবসায়ীর অভিযোগের পর পুলিশ বিষয়টি অনুসন্ধান শুরু করে। হুমকি দেওয়ার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের একটি বার্তা দিতে চাই। কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।”
অভিযান সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার তথ্য ছড়িয়ে পড়ায় ফারুক আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।
গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ নিজে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন। তিনি বলেন, “আপনারা কাউকে চাঁদা দিবেন না। দেখুন, আমরা চাঁদাবাজকে ধরে এনেছি। কোথাও চাঁদাবাজ দেখতে পাবেন, ধরুন এবং আমাদের জানান।”
মাইকিংয়ের মাধ্যমে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে।