
রাজধানীর গেন্ডারিয়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচ) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
পরিদর্শক নাজমুল হাসান জানান, "গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।"
সহপাঠীরা জানায়, ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে পরিবার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।