
রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত হলেন এক ট্রান্সপোর্ট কর্মচারী। ছুরিকাঘাতে আহত করে তার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে শ্যামপুরের খন্দকার রোডে শেখ কামাল স্কুলের সামনে। আহত ব্যক্তি মো. গোলাম কিবরিয়া (৪৫), যিনি একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের কর্মচারী। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, গোলাম কিবরিয়া বংশাল শাখার বোরাক ট্রান্সপোর্টে কর্মরত। তিনি শ্যামপুরের আলীবাগ এলাকায় বসবাস করেন। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন কিবরিয়া। মালামাল আনলোড শেষ করে গাড়ির ভাড়া পরিশোধের পর রিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে খন্দকার রোডে শেখ কামাল স্কুলের সামনে পৌঁছালে তিন যুবক হঠাৎ তার রিকশার গতি থামিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে তারা। এরপর কিবরিয়ার কাছে থাকা ৯০ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে আজ সকাল ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রান্সপোর্ট কর্মচারী গোলাম কিবরিয়া বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি শ্যামপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।