
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেন নামের ওই কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁক করানোর সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
নিজের স্বীকারোক্তিতে মোবারক উল্লেখ করেন, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেলেন। এরপর প্রথমে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।