
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের কারণ, বিভিন্ন দিক ও সার্বিক পরিস্থিতি তাঁর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। ঢাকায় ফিরে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা এ তথ্য জানান।
এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, আজ দুপুরে উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁর মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে দ্রুত চুয়েটের সব স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার প্রত্যাশাও জানান তিনি।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন চুয়েটের শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।