
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলের ডাইনিংয়ের দুপুরের খাবারে এক নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের মধ্যে খাবারের মান ও নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
স্টিকারটি পান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া। তিনি জানান, দুপুরে হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় মাছের ঝোল প্লেটে নেওয়ার একপর্যায়ে একটি স্টিকার দেখতে পান। পরে সেটি পরীক্ষা করে দেখেন, সেখানে এক নারীর ছবি এবং ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা রয়েছে।
হৃদয় মিয়া বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ব্যবস্থাপককে জানানো হলে তিনি ধারণা করেন, রান্নার সময় ব্যবহৃত ম্যাজিক মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে এসেছে।
ঘটনার পর শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অবহেলার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, খাবারের মান নিয়ে দীর্ঘদিন অভিযোগ থাকায় এরই মধ্যে আগের ব্যবস্থাপককে পরিবর্তন করে নতুন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।