
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছপালা অপসারণের কাজের জন্য বৃহস্পতিবার (২৫ জুন) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।
খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘১ নম্বর ফিডার’, ‘৩ নম্বর ফিডার’ এবং ‘ভাইবোন ছড়া’ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোন ছড়া ফিডারের অধীনস্থ সব এলাকা। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো।
অন্যদিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সদর উপজেলার আওতাধীন ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।