
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। শনিবার (৮ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
উপদেষ্টা আদিলুর রহমানের কর্মসূচি: বিইউএফটির দ্বিতীয় সমাবর্তনে সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল সাড়ে ১০টায় পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি: আশুলিয়ার বাইপাইলে (ইপিজেড সংলগ্ন) শনিবার বিকেল সাড়ে ৪টায় ‘মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব’ শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিএনপির কর্মসূচি: শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়া, দুপুর আড়াইটায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের তুরাগ থানা বনাম বিমানবন্দর থানার ম্যাচ অনুষ্ঠিত হবে।
জামায়াতের কর্মসূচি: শনিবার বেলা ১১টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।