
চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর বুকে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর সেগুলো থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনভর চলবে টাকা গণনার কাজ। এ কাজে অংশ নিচ্ছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী।
নিয়ম অনুযায়ী, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার কথা। তবে অনিবার্য কারণে প্রায়ই এ নিয়মের ব্যত্যয় ঘটে। এবার দানবাক্সগুলো খোলা হলো চার মাস ২৪ দিন পর। এবার দানের পরিমাণ বেশি হতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালঙ্কারও পাওয়া যায়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ আরও অনেকে।