
গতকাল, মঙ্গলবার, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় গরমের কারণে অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা ছিলেন। বরিশাল, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, গাজীপুর এবং চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটেছে।
বরিশালের গৌরনদী উপজেলার একটি জনসমাবেশে গরমের কারণে মো. মিরাজ ফকির (৪৫) নামে এক স্কুলশিক্ষক মারা যান। তিনি বাকাল ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে জামায়াতের আয়োজনে একটি আনন্দ মিছিল ছিল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার সময় জামায়াতের উপজেলা সেক্রেটারি আবুল কালাম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তৎক্ষণাৎ লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় র্যালিতে অংশ নেওয়ার সময় উপজেলা বিএনপির সদস্য আল আমিন (৪৫) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির বিজয় মিছিলে যোগ দিতে এসে যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) স্ট্রোক করে মারা যান। তিনি টোকনগর গ্রামের বাসিন্দা এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুপুর ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির বিজয় র্যালিতে অংশ নেওয়া যুবদল নেতা মিজানুর রহমান (৩৫) অসুস্থ হয়ে মারা যান। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সূত্র: সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি