
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করা হলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল অফিস খোলা রেখে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির জোনাল অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে স্বাভাবিকভাবে অফিসের কাজ করছেন।
অফিসে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তারা কর্মস্থলে এসেছেন। তাদের ভাষ্য, ‘আমাদের অফিসে আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা অফিস করছি।’
এ বিষয়ে জোনাল ম্যানেজার মো. হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
গণমাধ্যমকর্মীদের একাধিক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, ৫ আগস্ট কী দিবস, সে বিষয়ে তার জানা নেই।
সরকারি ছুটির দিনেও অফিস চালু রাখার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘গত মাসে কিছু হিসাব-নিকাশের কাজ বাকি ছিল। সেগুলো সম্পন্ন করার জন্য অফিস খোলা রেখেছি। তবে সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা উচিত হয়নি। এটি আমার ভুল হয়েছে।’
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত সরকারি ছুটির দিনে কীভাবে একটি প্রতিষ্ঠানের জোনাল অফিসে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হলো, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ছাড়া এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন বা বিশেষ নির্দেশনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি, তাই সবারই তা পালন করা উচিত। যদি কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা উপেক্ষা করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।