
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা হুল দিবসের ১৭১তম বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক কর্মসূচি পালন করেছে সাঁওতাল সম্প্রদায়। এ সময় বক্তারা পূর্বপুরুষদের ভূমি ফিরিয়ে দেওয়া এবং ২০১৬ সালে সাঁওতালপল্লিতে হামলায় নিহত তিন সাঁওতালের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বাগদাফার্ম ও কাটার মোড় এলাকায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন ও সমাবেশের মাধ্যমে দিবসটি পালন করা হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পৃথক দুটি অংশ এসব কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও সাঁওতালরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি তিন সাঁওতালকে হত্যা করা হলেও আজ পর্যন্ত সেই ঘটনার বিচার হয়নি। তারা দ্রুত হত্যাকাণ্ডের বিচার এবং পূর্বপুরুষদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে এবং সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর অংশের সভাপতি সুফল হেমরমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আদিবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৫৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ ইতিহাসে ‘হুল’ নামে পরিচিত। সেই বিদ্রোহে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে প্রতিবছর ৩০ জুন সাঁওতাল সম্প্রদায় হুল দিবস পালন করে।