দেশে হামের সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুমৃত্যুর ঘটনাও। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু মারা গেছে হামের লক্ষণ নিয়ে।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। নতুন সাত মৃত্যু নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫৬ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৬৮ জন।
একই সময়ে দেশে নতুন করে ৩৭৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯ জনে।
এ ছাড়া গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৮১ শিশুর তথ্য নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া দুই মৃত্যুর ঘটনাই চট্টগ্রাম বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে রাজশাহী বিভাগে দুজন এবং সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে।
এর আগের ২৪ ঘণ্টাতেও ছয় শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় শিশুদের টিকাদান ও সতর্কতা জোরদারের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।