
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে আগুন ধরে গেছে দুটি তেলবাহী ট্যাংকারে। এর একটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, ট্যাংকার দুটি নৌ চলাচলসংক্রান্ত বিধিনিষেধ ও সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেগুলো সমুদ্র মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, একটি সুপারট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি ওমানের খাসাব বন্দরের উত্তরে একটি নৌমাইনে আঘাত পায়। অন্য ট্যাংকারটি হরমুজ প্রণালির পূর্ব অংশ দিয়ে বের হওয়ার সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় জাহাজটিতেও আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।
তবে ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী, কতজন নাবিক ছিলেন কিংবা তাঁদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। আগুনে জাহাজ দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও স্পষ্ট নয়।
ট্যাংকারের মালিক ও আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে সতর্ক করে আইআরজিসি নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তাদের আশ্বাসের ওপর নির্ভর করে জাহাজ ও অবশিষ্ট সম্পদ ঝুঁকিতে ফেলা উচিত হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির অননুমোদিত পথে নিরাপদে চলাচলের নিশ্চয়তা মার্কিন সামরিক বাহিনী দিতে পারে না। নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা করলে জাহাজগুলো গুরুতর ও অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে।
গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালি ও এর আশপাশে একাধিক তেলবাহী জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব ঘটনার কয়েকটির জন্য সমুদ্র মাইনকে দায়ী করেছে ইরান। দেশটির অভিযোগ, জাহাজগুলো নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ পথে চলাচলের চেষ্টা করছিল।
বার্তা সংস্থা রয়টার্সের ২৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, এর আগেও দুটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছিল আইআরজিসি। তবে এসব ঘটনার কারণ ও পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্রের (জেএমআইসি) ২৬ নভেম্বরের সর্বশেষ পরামর্শমূলক প্রতিবেদনে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তাঝুঁকিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১ নভেম্বর থেকে ওই প্রণালিতে ১৭টি ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে ট্যাংকারগুলো মাইনে আঘাত পেয়েছে বলে ইরানের দাবির পক্ষে কোনো সরকারি বা জাতীয় কর্তৃপক্ষের স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে প্রণালিটিতে জাহাজ চলাচল নিয়ে তেহরান ও ওয়াশিংটনের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান নির্ধারিত পথ ও সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার অবস্থান নিয়েছে।
হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ, তেলের দাম ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ