
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
একই সময়ে চিকিৎসা শেষে ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের ২৯ জুন পর্যন্ত সারাদেশে মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসেই ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুজনিত কারণে প্রাণ হারান ৪১৩ জন।