
সৌদি আরবের রাজধানী রিয়াদে ধূলিঝড় ও শক্তিশালী বাতাসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে বজ্রঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। ভারী বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
এনসিএম জানিয়েছে, রিয়াদ অঞ্চলের কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধূলিবাহী বাতাস বয়ে যেতে পারে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শক্তিশালী বাতাসের সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মদিনা, তাবুক, আল-জউফ, হাইল ও নর্দার্ন বর্ডারস অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, বজ্রসহ বৃষ্টির সময় জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও দমকা বাতাস হতে পারে। আল-জউফ, হাইল, নর্দার্ন বর্ডারস, কাসিমের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে তীব্র বাতাসসহ বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আল-জউফের সাকাকা শহর ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার রাতে আল-কুরিয়াত গভর্নরেটে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নর্দার্ন বর্ডারস অঞ্চলের তুরাইফ গভর্নরেটেও সাম্প্রতিক বৃষ্টিতে উপত্যকা ও খাতগুলোতে পানির প্রবাহ বেড়েছে। এতে সেখানকার উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশে সতেজতা ফিরেছে বলে জানিয়েছে এসপিএ।
অক্টোবরে বাড়তে পারে বৃষ্টিপাত
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জলবায়ু পূর্বাভাসে সৌদি আরবের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এনসিএম। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বর্ষাকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস হতে পারে অক্টোবর।
বিশেষ করে চলতি মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জউফ, হাইল, কাসিম ও নর্দার্ন বর্ডারসের পাশাপাশি রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও নাজরানের কিছু অংশেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, আল-জউফ, হাইল, কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশসহ কয়েকটি অঞ্চলে নভেম্বরেও তুলনামূলক বেশি বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস দেওয়া এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ থেকে ৭০ শতাংশ। কিছু এলাকায় বৃষ্টি ভারী থেকে অতি ভারী পর্যায়ে পৌঁছাতে পারে।