
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, একই দিন রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় জাহাজটি অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত ছিল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।