
পটুয়াখালীর কুয়াকাটায় শত বছরের ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বিহার দেখতে আসা পর্যটক ও দর্শনার্থীদের ফিরে যেতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
জমি নিয়ে বিরোধ, সভাপতিকে মারধরের অভিযোগ
বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু জানান, মঙ্গলবার সকালে বিহার প্রাঙ্গণে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দা নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের ভেতরে জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তাঁরা পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বুধবার মংলাচিন মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
কুয়াকাটার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার শত বছরের ঐতিহ্য বহন করছে। বিহারটির অন্যতম আকর্ষণ অষ্টধাতু দিয়ে তৈরি গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি, যার ওজন ৩৭ মণ। মূর্তিটি দেখতে দেশ-বিদেশ থেকে নিয়মিত বহু পর্যটক ও দর্শনার্থী সেখানে ভিড় করেন।