
দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অচলাবস্থা নিরসনে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব উঠেছে। খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, দুই জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে দলটি গঠনের ধারণা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে সাজেকের পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এ প্রস্তাব আসে। ওই দিন রাত সাড়ে ৮টায় সেনা রিজিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়বস্তু জানানো হয়।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত উদ্যোগের আওতায় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ অবরোধে বাড়ছে জনদুর্ভোগ
সভায় বলা হয়, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার কারণে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে। এ পরিস্থিতি থেকে সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও আলোচনা হয়। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে সমর্থন দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আলোচনায় আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করতে নির্দেশ
সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিয়েও সভায় উদ্বেগ জানানো হয়।