
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাংবাদিক ও কর্মচারীরা অনাস্থা জ্ঞাপন করার পর অফিস থেকে বেরিয়ে গেছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ জানিয়েছে, নির্বাচনের আগে তারা সংগঠিত হয়েছিল। সেই সময় নির্বাচনের কাভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচন শেষ হওয়ার পর আজ তারা বৈঠক করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না এবং সবাই তার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এই সিদ্ধান্ত মাহবুব মোর্শেদকে জানানো হয় এবং সরকারের সাথেও বিষয়টি শেয়ার করার কথা বলা হয়। পরে মাহবুব মোর্শেদ অফিস থেকে বেরিয়ে যান। সে সময় তাকে অফিসের গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও মাহবুব মোর্শেদ রিসিভ করেননি এবং ক্ষুদেবার্তার জবাবও দেননি।
তবে ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?”
