
দেশে ধর্মীয় বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। তিনি বলেছেন, এ দেশের কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।
এসএম জিলানী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের মাটিতে কোনো পক্ষই ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে পারবে না। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। দেশের সব মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। তিনিও জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার চেষ্টা করবেন।
শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটির আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের তাৎপর্য তুলে ধরে এসএম জিলানী আরও বলেন, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। দুষ্টের দমন ও সৃষ্টির পালনের উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এ কারণেই প্রতি বছর তাঁর জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তাদের সেবায় কাজ করবেন। পবিত্র সংসদে গিয়ে তাদের কথা বলার কথাও জানিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর সংসদে গিয়ে তাদের কথা বলেছেন এবং পবিত্র সংসদে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।
তিনি আরও বলেন, খুব শিগগিরই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করবেন। নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারেন, সে জন্য তিনি সবার আশীর্বাদ কামনা করেন।
প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।