
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহন শেখ ওই গ্রামের মৃত মতলেব শেখের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসিউর রহমানের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।