
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, শিশুদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা অংশ নেন।