
শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণাকে দেশের বিচারিক ইতিহাসে নজিরবিহীন ও দ্রুততম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
রোববার (৭ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আইনি সব ধাপ অনুসরণ করে এত দ্রুত সময়ে বিচার শেষ করা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা।
তিনি জানান, ১৯ মে ঘটনার পর ২৪ মে পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর আদালত দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে মাত্র কয়েক দিনের মধ্যে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষ করে রায় ঘোষণা করে। সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগেই এই দ্রুত বিচার সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনমন্ত্রী আরও বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সব পর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যেও শিশু ট্রাইব্যুনাল কার্যক্রম সচল রাখা হয় বলে তিনি জানান।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, তবে দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচারের একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হয়েছে।
রায় কার্যকরের প্রসঙ্গে তিনি বলেন, ডেথ রেফারেন্স, আপিলসহ সব আইনি ধাপ শেষ হলে উচ্চ আদালতের অগ্রাধিকার ভিত্তিক শুনানির মাধ্যমে তিন মাসের মধ্যে রায় কার্যকরের সম্ভাবনা রয়েছে।