
পাটকাঠি থেকে উৎপাদিত কয়লা বা চারকোল শিল্পকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে মাগুরায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, যেখানে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি কমানোর বিষয়টি ছিল মূল আলোচ্য।
১৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএমইএ)-এর উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কারখানার কর্মপরিবেশ কীভাবে আরও নিরাপদ করা যায় এবং উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখা সম্ভব—এসব বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় মাগুরার বিভিন্ন চারকোল কারখানা থেকে প্রায় অর্ধশতাধিক শ্রমিক, মালিক ও ব্যবস্থাপক অংশ নেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্রশিক্ষকরা শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহারের গুরুত্ব, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি প্রশ্নোত্তর পর্ব। এতে শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রের নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে ধোঁয়া ও অতিরিক্ত তাপের মধ্যে কাজ করার ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। এ সময় বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমান শ্রমিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, শ্রমিকরাই এই শিল্পের মূল চালিকাশক্তি, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, মাগুরার এই সম্ভাবনাময় শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OSH) মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। কর্মশালা শেষে আতিকুর রহমান চারকোল শিল্পকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে পরিণত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
সবার সক্রিয় অংশগ্রহণ এবং নিরাপদ ও টেকসই শিল্প গড়ে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।