
দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নকল ও প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না।” অতীতে দায়িত্ব পালনকালে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শতভাগ শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
যুগোপযোগী শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কারিকুলাম
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’-এ পরিণত হয়েছে। তাই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে কারিকুলাম পর্যালোচনা করা হবে। ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিক্সকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে তার দায় বর্তমান সরকার নেবে না; তবে তার দায়িত্বকালে কোনো দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবির বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টি অবগত রয়েছে এবং সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে নতুন শিক্ষামন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।