
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। আগের বছরের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধাক্রম ও শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, ‘এবারও একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে আমরা নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
ফলাফলের ভিত্তিতে দেশের অধিকাংশ উচ্চমাধ্যমিক কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আগের মতোই আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখের বেশি। বিপরীতে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার সম্ভাবনা রয়েছে।