
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে। আর আমরা ঘরের লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে ঘরের লোককে গ্যাস দিতে হবে। আর না হলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকা বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
রুমিন ফারহানা আরও বলেন, “আমি যা বলি তাই করি। রোববার হবে, বৃহস্পতিবার হবে, ৫ লাখ টাকা লাগবে—এসব আমি বলি না। আমি ঘরের মেয়ে। আমারে হাঁস মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে। এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়ন হবে। এমপি হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেব। তখন দেখবো কিভাবে চিকিৎসা নিতে হয়। অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিয়েছি; কারণ এখানে আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এটা আমার বাবার জন্মভূমি। আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।”
বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সদস্য সায়েদ মিয়া ও হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম এবং সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন প্রমুখ।