
অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবার নতুন পরিসরে নিয়ে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পেশাগত পথচলার পর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। একই সঙ্গে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন এই অভিনেত্রী।
বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পেশাগত জীবনের নতুন এই অধ্যায়ের কথা জানান মিথিলা।
পোস্টে মিথিলা বলেন, ব্র্যাকের সঙ্গে দুই দশকের অভিজ্ঞতার পর তিনি নতুন পেশাগত যাত্রা শুরু করেছেন। এর মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।
তিনি জানান, ১ অক্টোবর থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন।
নতুন দায়িত্বে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD), পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মিথিলা বলেন, স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটানোর পাশাপাশি তথ্য ও প্রমাণ তৈরির মাধ্যমে কার্যক্রমটি এগিয়ে নিতে কলাম্বিয়ায় তার বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে তিনি আশা করছেন।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাও শুরু করেছেন মিথিলা। তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন। সেখানে শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের ননপ্রফিট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার কাজ করবেন তিনি।
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, তার পেশাগত যাত্রার জন্য তিনি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তার কর্ম-অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।