
স্পট মার্কেট থেকে কেনা নতুন এলএনজি কার্গো দেশে পৌঁছানোর পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়েছে। বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনা এই কার্গোটি ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজে করে এসেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’-এর সঙ্গে টার্মিনালের প্রথম সংযোগ স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে আসে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।
অন্যদিকে, অক্টোবর ও নভেম্বরের জন্য মোট ১৯টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো দেশে আসার কথা রয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, এসব কার্গো যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।