
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদ আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
রবিবার (২৪ মে) হোয়াইট হাউজের কাছের একটি নিরাপত্তা চেকপয়েন্টে এ ঘটনা ঘটে। দেশটির সিক্রেট সার্ভিস জানায়, সন্দেহভাজন এক ব্যক্তি নিরাপত্তা সদস্যদের দিকে এগিয়ে এসে গুলি ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালান কর্মকর্তারা। পরে আহত অবস্থায় ওই হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ঘটনার সময় হোয়াইট হাউজের নর্থ লনে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কয়েকজন সাংবাদিক একটানা বহু রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যম। পরে প্রায় ৪০ মিনিট পুরো এলাকা লকডাউনে রাখা হয়।
ঘটনার কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ ত্যাগ করেন চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে গোলাগুলির সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার বাসভবনেই ছিলেন এবং তিনি কোনো ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছে প্রশাসন।