
ময়মনসিংহের গৌরীপুরে দুপুরে জুম্মার নামাজের পর গ্রামীণ ব্যাংকের ডৌহাখলা ইউনিয়ন শাখায় আগুন লাগে। এতে ব্যাংকের ভিতরের আসবাবপত্র ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, তার বাসা ব্যাংকের পাশে। হঠাৎ জানালা দিয়ে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। আশপাশের মানুষের সহায়তায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে পৌঁছাই। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।”
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং সরজমিন তদন্ত করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা থানায় রয়েছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।