
কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে মো. রাসেল হাওলাদার নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে এ সাজা দেওয়া হয়।
হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে অবস্থান
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্ত রাসেল ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯ নম্বর কক্ষ বুক করেন। সেখানে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন।
এ সময় একটি বিকাশের দোকানে তিনি ৩০ হাজার টাকা রিচার্জ করেন বলেও জানান তিনি।
বিসিএসের গেজেট ও নিয়োগপত্র জাল করার অভিযোগ
ইয়াসীন সাদেক আরও জানান, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বরে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মো. রাসেল হাওলাদার করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।