
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বই তিনটি হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।
মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারের জন্য বই তিনটি কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে গত ১৮ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ আগের সেই নির্দেশনা বাতিল করে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’
নির্দেশনা বাতিলের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে খন্দকার রবিউল ইসলাম কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, কেন আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে, তা জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ. ন. ম. বজলুর রশীদও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি যাচাই করে রোববার জানাবেন বলে জানিয়েছেন তিনি।