
সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদের আলোচনার শুরুর দিকে তিনি এ দাবি করেন।
শফিক বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয় নাই।
এসময় স্পীকারের উদ্দেশে তিনি বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।
উল্লেখ্য, এর আগেও নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছিলেন শফিকুর রহমান। তবে, এবারই প্রথম জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।