
মার্কিন পপ তারকা কেটি পেরিকে ঘিরে হঠাৎই তীব্র বিতর্কের ঝড় উঠেছে। প্রায় দুই দশক আগের একটি ঘটনার অভিযোগ সামনে এনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশ, যেখানে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী রুবি রোজ।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে রুবি রোজের একাধিক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেন। কিছু সময়ের মধ্যে পোস্টগুলো মুছে ফেলা হলেও ইতোমধ্যে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার আগুন ছড়িয়ে দেয়।
পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি জানান, বিষয়টি আর শুধু অভিযোগে সীমাবদ্ধ নেই, ইতোমধ্যে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার কারণে এখনই খোলামেলা কিছু বলা সম্ভব নয়।
ভিক্টোরিয়া স্টেট পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা ২০১০ সালে ঘটে যাওয়া একটি ‘ঐতিহাসিক যৌন অপরাধ’-সংক্রান্ত অভিযোগ তদন্ত করছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতির প্রেক্ষাপটে অভিযোগটি কেটি পেরিকে ঘিরেই বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অভিযোগের বিপরীতে কেটি পেরির পক্ষ থেকে এসেছে কড়া অস্বীকৃতি। তার প্রতিনিধির দাবি, রুবি রোজের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন, এমনকি অতীতেও এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
‘রোর’ ও ‘আই কিসড আ গার্ল’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিত এই শিল্পী সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন। তবে নতুন করে ওঠা এই অভিযোগ যেন হঠাৎ করেই তার ক্যারিয়ারের আকাশে অনিশ্চয়তার মেঘ টেনে এনেছে, আর সেই মেঘ কতটা ঘনীভূত হবে, এখন তাকিয়ে আছে পুরো বিনোদন অঙ্গন।