-6af7e62049126.webp)
আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর ভাষ্য, যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে মাদক আনা হচ্ছে। এটি যুবসমাজকে ধ্বংস করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।
মন্ত্রী আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন বলেও জানান তিনি।
শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখছে। অনেক শিক্ষক নির্যাতনের শিকারও হয়েছেন। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানসহ অন্যরা।