
নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিচ্ছেন।
ভিডিওতে শোনা যায়, মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন বলে ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি গতকালের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।