
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৫ মার্চ) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি, সকালবেলায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন, এবং দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
এরপর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতেহা পাঠ করবেন। একই দিনে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি একটি আলোচনা সভার আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।