
রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশাসনিক নিয়োগ—জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম।
মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ডা. মো. শফিকুর রহমান–এর একান্ত সচিব (উপসচিব) হিসেবে মুহাম্মদ ইব্রাহীমকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ নির্দেশনা জারি করেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অপরদিকে, বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে।