
মরিশাসে কর্মস্থলে কাচের প্যানেলভর্তি ভারী বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তারা প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক তথ্য বলছে, দুর্ঘটনার সময় বিকেল ৫টা ৫৫ মিনিট। একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামানোর কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।