
ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযান টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার দুলারহাট থানার মায়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা। এ সময় ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও আটটি ট্রলিং জাল জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, জব্দ করা বোটটি ভারতীয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি দেশে এনে সেটি ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।