
ঢাকায় উপস্থিত হয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ঢাকায় এসেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার সঙ্গে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব ঢাকায় আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া উপস্থিত থাকবেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি।