
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, বুধবার সকালেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন। এরপর একই দিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সচিবালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা এবং অগ্রাধিকার বিষয়ক আলোচনা হতে পারে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ছাড়াও চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ অন্তত ১৩টি দেশের শীর্ষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা নতুন সরকারকে শুভেচ্ছা জানান।
সংসদ ভবনের পুরো এলাকা অনুষ্ঠানে কয়েক হাজার দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে উৎসবমুখর রূপ ধারণ করেছিল।