
মঙ্গলের উদ্দেশে নাসার উৎক্ষেপিত মহাকাশযান বৃহস্পতিবার নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। বহু প্রতীক্ষিত এই উড়ান সফলভাবে সম্পন্ন করে নজর কাড়ে জেফ বেজোসের প্রতিষ্ঠিত ব্লু অরিজিন। অ্যামাজনের কর্ণধার বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিউ গ্লেন রকেটটি নির্ধারিত সময়ের চার দিন পর মহাকাশে পাড়ি জমায়, কারণ প্রতিকূল আবহাওয়ার কারণে আগের নির্ধারিত উড়ান বাতিল করা হয়েছিল।
আমেরিকার কিংবদন্তি মহাকাশচারী জন গ্লেনের নাম অনুসারে তৈরি নিউ গ্লেন রকেটটি মঙ্গলের কক্ষপথে দুইটি অরবিটর স্থাপন করে আবার পৃথিবীতে ফিরে আসে। এই ফেরত যাত্রা ব্লু অরিজিনের জন্য বড় পরীক্ষা, কারণ রকেটটি পুনঃব্যবহারযোগ্য কিনা তা যাচাই করতে এখন চলছে বিভিন্ন কার্যক্রম। ইলন মাস্কের স্পেসএক্স বহুদিন ধরেই এই প্রযুক্তিতে এগিয়ে থাকলেও নিউ গ্লেনের এই সাফল্য ব্লু অরিজিনকে প্রতিযোগিতায় আরও কাছাকাছি নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অগ্রগতি বাণিজ্যিক উড়ানসহ নাসার ভবিষ্যৎ মিশনগুলোতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
৩২১ ফুট লম্বা রকেটটি বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে আকাশে উড়ে যায়। পরে রকেটের প্রথম ধাপের বুস্টারটি স্বয়ংক্রিয়ভাবে আটলান্টিক মহাসাগরের প্রায় ৩৭৫ মাইল দূরে অবস্থিত সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম জ্যাকলিনে সোজাভাবে নেমে আসে। উল্লেখযোগ্য বিষয় হলো, জানুয়ারিতে নিউ গ্লেনের প্রথম কক্ষপথ যাত্রা সফল হলেও তখন বুস্টারটি অবতরণে ব্যর্থ হয়েছিল।
এপির তথ্য অনুযায়ী, এসকেপেড ২০২৭ সালে মঙ্গলে পৌঁছাবে। এর পরের শরতে পৃথিবী ও মঙ্গল আদর্শ সারিবদ্ধ অবস্থানে এলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এসকেপেডকে লাল গ্রহের পথে আরও দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। মঙ্গলের কক্ষপথে প্রবেশের পর মহাকাশযানটি গ্রহটির বাইরের বায়ুমণ্ডল ও বিচ্ছিন্ন চৌম্বক ক্ষেত্র নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চালাবে।